পাঠ–৪ : দক্ষিণ আফ্রিকা
অনুশীলনী–১
১. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
(ক) দক্ষিণ আফ্রিকার আয়তন কত?
উত্তর : দক্ষিণ আফ্রিকার আয়তন ১২.১৯ লক্ষ বর্গকিলোমিটার।
(খ) কোন পর্বতশ্রেণি উচ্চভূমি মালভূমিক ঘিরে আছে?
উত্তর : ড্রাকেন্সবার্গ (Drakensberg) পর্বতমালা উচ্চভূমি মালভূমিকে ঘিরে আছে।
(গ) ‘বিগ ফাইভ’ (Big Five) বলতে কী বোঝায়?
উত্তর : দক্ষিণ আফ্রিকার প্রধান স্তন্যপায়ী প্রাণী— সিংহ, বাঘ, হাতি, গণ্ডার এবং মহিষকে একত্রে ‘বিগ ফাইভ’ (Big Five) বলা হয়।
২. জোহানেসবার্গকে ‘সোনার শহর’ বলা হয় কেন?
উত্তর : জোহানেসবার্গ শহরটি সোনার খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ১৮৮৬ সালে শহরটি প্রতিষ্ঠিত হয়। সোনার খনির জন্যই শহরটি বিশেষ পরিচিত হওয়ায় একে ‘সোনার শহর’ (City of Gold) বলা হয়।
৩. দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে একটি টীকা তৈরি করো।
উত্তর : দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক পরিবেশ বৈচিত্র্যময়। দেশের মধ্যভাগে হাইভেল্ড (Highveld) নামে একটি মালভূমি রয়েছে, যা ড্রাকেন্সবার্গ পর্বতমালা দ্বারা বেষ্টিত। দক্ষিণ-পশ্চিম অংশে গ্রেট কারু (Great Karoo) ও লিটল কারু (Little Karoo) নামে দুটি মরুপ্রায় অঞ্চল রয়েছে। অরেঞ্জ নদী দেশের প্রধান নদী এবং এর উপনদী ভ্যাল (Vaal) উল্লেখযোগ্য। জলবায়ু প্রধানত উপক্রান্তীয় নাতিশীতোষ্ণ প্রকৃতির। দেশে ক্ৰুগার জাতীয় উদ্যানসহ বহু জাতীয় উদ্যান রয়েছে। সিংহ, বাঘ, হাতি, গণ্ডার, মহিষ, চিতা, জিরাফ, জেব্রা, হরিণ এবং বন্য কুকুর প্রভৃতি প্রাণী এখানে দেখা যায়।
অনুশীলনী–২
১. নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও।
(ক) দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা।
(খ) ওলন্দাজরা কখন কেপটাউন শহরে বসতি স্থাপন করেছিল?
উত্তর : ১৬৫২ সালে ওলন্দাজরা কেপটাউন শহরে বসতি স্থাপন করেছিল।
(গ) আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কী?
উত্তর : আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের একটি রাজনৈতিক দল, যা বর্ণবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
২. দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলন কেন শুরু হয়েছিল?
উত্তর : দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসকগোষ্ঠী কৃষ্ণাঙ্গদের থেকে আলাদা করে রাখত এবং তাদের সমান অধিকার দিত না। কেবল শ্বেতাঙ্গদেরই পূর্ণ রাজনৈতিক অধিকার ছিল। ‘পাস আইন’ (Pass Laws)-এর মাধ্যমে কৃষ্ণাঙ্গদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য বৃদ্ধি পাওয়ায় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু করে।
৩. নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
উত্তর : নেলসন ম্যান্ডেলা ছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের অন্যতম নেতা এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রধান নেতৃত্বদানকারী ব্যক্তি। ১৯৬২ সালে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি তিনি মুক্তি লাভ করেন। পরে তিনি শ্বেতাঙ্গ সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেন। এর ফলস্বরূপ দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের অবসান ঘটে এবং ১৯৯৪ সালে সকল বর্ণের মানুষের অংশগ্রহণে নতুন সরকার গঠিত হয়।
